রাজশাহীতে পুণ্য উপাসনা নিয়ে গঠনমূলক কর্মশালা

প্রকাশ: সোমবার, ১০ অগাস্ট, ২০২৬
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

পুণ্য উপাসনার উদযাপন, দায়িত্ব ও প্রস্তুতি বিষয়ে গঠন প্রশিক্ষণ ও নির্দেশনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রাজশাহীতে। ৭ থেকে ৯ আগস্ট রাজশাহী খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে এ কর্মশালার আয়োজন করা হয়।

রাজশাহী ধর্মপ্রদেশের উপাসনা ও প্রার্থনা বিষয়ক কমিশনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় বিশপ জের্ভাস রোজারিও, ফাদার লিংকন সামূয়েল কস্তা, ফাদার সুরেশ পিউরিফিকেশনসহ বিভিন্ন ধর্মপল্লী থেকে আসা সিস্টার, ক্যাটেখিস্ট, সাক্রিস্তিয়ান ও সেমিনারিয়ানসহ ৯২ জন অংশ নেন।

উদ্বোধনী বক্তব্যে ধর্মপ্রদেশের প্রার্থনা ও উপাসনা বিষয়ক কমিশনের আহ্বায়ক ফাদার লিংকন কস্তা বলেন, ‘উপাসনা হলো খ্রিস্টমণ্ডলীর প্রাণকেন্দ্র। তাই দ্বিতীয় ভাতিকান মহাসভার দলিলেও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে।’

তিনি বলেন, ‘দ্বিতীয় ভাতিকান মহাসভার ১৬টি দলিলের প্রথমটিই উপাসনা বিষয়ক। অনেক সময় অসচেতনতার কারণে আমরা উপাসনার সৌন্দর্য নষ্ট করি। এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা উপাসনা কী এবং এ বিষয়ে আপনাদের দায়িত্ব ও কর্তব্য কী—তা জানতে ও শিখতে পারবেন।’

কর্মশালায় উপাসনার সৌন্দর্য ও সাজসজ্জা, সাক্রিস্তিয়ানের দায়িত্ব ও কর্তব্য, দ্বিতীয় ভাতিকান মহাসভার আলোকে পুণ্য উপাসনা ও প্রস্তুতি এবং উপাসনার পুস্তকসমূহের পরিচিতি বিষয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়। এসব সেশন পরিচালনা করেন সিস্টার কল্যাণী পালমা, সিস্টার স্মৃতি রিবেরু, ফাদার লিংকন কস্তা ও ফাদার সুরেশ পিউরিফিকেশন।

সেশনগুলোর মাধ্যমে অংশগ্রহণকারীরা উপাসনা পরিচালনায় নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও বলেন, ‘আমরা অনেক সময় সচেতনভাবে খ্রিস্টযাগে অংশ নিই না। ফলে উপাসনায় নানা ধরনের বিঘ্ন সৃষ্টি হয়। উপাসনায় গানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই উপাসনার গানের বিষয়ে আমাদের আরও মনোযোগী ও সচেতন হতে হবে।’

তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, ‘তোমরা যা শিখে যাবে, ধর্মপল্লিতে গিয়ে তা প্রয়োগ করবে।’

কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রশিক্ষণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন। উপাসনার সৌন্দর্য ও সুষ্ঠু উদযাপন নিশ্চিত করতে দায়িত্বশীলদের আরও সচেতন হওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

পরিশেষে ফাদার লিংকন কস্তা সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন। সূত্র: আরভিএ

image

আপনার মতামত দিন