এআই উন্নয়নের গতি কমানোর কথা ভাবছে ওপেনএআই

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহে কর্মীদের সঙ্গে এক বৈঠকে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান জানিয়েছেন, প্রয়োজন হলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উন্নয়নের গতি কমিয়ে আনার কথা বিবেচনা করতে পারে তাঁর প্রতিষ্ঠান। তবে এ ক্ষেত্রে এআই খাতের অন্য প্রতিষ্ঠানগুলোকেও একই ধরনের উদ্যোগ নিতে হবে বলে মনে করেন তিনি। 

ব্লুমবার্গের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়েছে। বিশেষ করে আরও উন্নত এআই ব্যবস্থা তৈরির ক্ষেত্রে কিছুটা ধীরগতিতে এগোনোর সম্ভাবনা বিবেচনা করছে ওপেনএআই।

সক্ষমতা বাড়ার সঙ্গে বাড়ছে ঝুঁকির আশঙ্কা
এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়লেও সেই অনুপাতে প্রযুক্তিটির নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগও বাড়ছে। সাম্প্রতিক সময়ে এআই খাতের বেশ কয়েকজন গবেষক ও কর্মী উন্নত এআই ব্যবস্থার সম্ভাব্য ঝুঁকি নিয়ে প্রকাশ্যে সতর্ক করেছেন। তাঁদের আশঙ্কা, এআইয়ের সক্ষমতা বৃদ্ধির গতি যদি নিরাপত্তাব্যবস্থা তৈরির গতিকে ছাড়িয়ে যায়, তাহলে ভবিষ্যতে প্রযুক্তিটির ওপর মানুষের নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন হয়ে পড়তে পারে।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই গত কয়েক মাসে ওপেনএআই তাদের কয়েকটি এআই মডেল তৈরির কাজের গতি কমিয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কিছু এআই প্রশিক্ষণ কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এর আগে জুলাইয়ে অল্টম্যান জানিয়েছিলেন, এআই উন্নয়নের গতি নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা নিয়ে তিনি হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।

সমন্বিত পদক্ষেপের কথা বলছেন প্রধান বিজ্ঞানী
শক্তিশালী এআই তৈরির প্রতিযোগিতা নিয়ে প্রযুক্তি খাতের ভেতরেও উদ্বেগ বাড়ছে। গত কয়েক সপ্তাহে বড় এআই প্রতিষ্ঠানগুলোর কর্মীদের কেউ কেউ উন্নত এআই ব্যবস্থার সম্ভাব্য ঝুঁকি নিয়ে প্রকাশ্যে সতর্ক করেছেন। এরই মধ্যে ওপেনএআইয়ের প্রধান বিজ্ঞানী জাকুব পাচকোস্কিও উন্নত এআইয়ের ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন। 

ওপেনএআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত ‘অ্যান এলিয়েন মাইন্ড’ শিরোনামের দীর্ঘ ব্লগ পোস্টে তিনি বলেন, ভবিষ্যতে এআই প্রযুক্তির উন্নয়ন কোন পথে এগোবে, সে বিষয়ে প্রতিষ্ঠানগুলোকে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। 

তাঁর মতে, এ ক্ষেত্রে দুটি পথ বিবেচনা করা যেতে পারে-একদিকে এআইয়ের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী করে পুরো প্রক্রিয়ায় মানুষের নিয়ন্ত্রণ বজায় রাখা; অন্যদিকে প্রয়োজন হলে এআই উন্নয়নের গতি কমাতে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করা। এতে নিরাপত্তাব্যবস্থা কার্যকর কি না, তা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় সময় পাওয়া যেতে পারে।

অ্যানথ্রপিকের গবেষকের গুরুতর সতর্কবার্তা
চলতি সপ্তাহের শুরুতে অ্যানথ্রপিকে কর্মরত এআই গবেষক জ্যাকব কক্সন চাকরি ছেড়ে দেন। পরে তিনি অভিযোগ করেন, মানুষের চেয়ে অনেক বেশি সক্ষম সুপারইন্টেলিজেন্ট এআই তৈরির প্রতিযোগিতায় অ্যানথ্রপিক ও ওপেনএআই যথেষ্ট দায়িত্বশীল আচরণ করছে না। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এআই উন্নয়নের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি মনে করেন, এই প্রযুক্তি চলতি দশকের শেষ নাগাদ সব মানুষকে হত্যা করার মতো সক্ষমতা অর্জন করতে পারে। কক্সনের এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন অ্যানথ্রপিকের গবেষক ইভান হুবিঙ্গারও। 

এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এআইয়ের কারণে সব মানুষ মারা যেতে পারে-এমন আশঙ্কাকে তাঁরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। তাঁর ব্যক্তিগত ধারণা, আগামী এক দশকে এমন ঘটনা ঘটার আশঙ্কা ১০ শতাংশের বেশি। অ্যানথ্রপিক এ সমস্যা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে বলেও তিনি উল্লেখ করেন।

নিরাপত্তা পরিকল্পনা নিয়েও প্রশ্ন
হুবিঙ্গারের মতে, সুপারইন্টেলিজেন্ট এআইকে মানুষের নিয়ন্ত্রণ ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার বিষয়ে এখনো কার্যকর কোনো পরিকল্পনা নেই। একই সঙ্গে এ সমস্যা সমাধানে অ্যানথ্রপিক সঠিক পথে এগোচ্ছে কি না, তা নিয়েও তিনি নিশ্চিত নন। কক্সনই অবশ্য একমাত্র গবেষক নন, যিনি এআই উন্নয়নের দ্রুতগতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। 

চলতি সপ্তাহে অ্যানথ্রপিক ও গুগল ডিপমাইন্ডের চাকরি ছেড়ে যাওয়া দুই গবেষক জো বেন্টন ও জশ এঙ্গেলসও এআই উন্নয়নের দ্রুতগতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা এআই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে আরও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

উন্নয়নের গতি কমাতে কর্মীদের আবেদন
এর আগে জুলাইয়ের শেষ দিকে বড় কয়েকটি এআই প্রতিষ্ঠানের এক হাজারের বেশি কর্মী এআই উন্নয়নের গতি কমানোর জন্য একটি ব্যবস্থা চালুর দাবিতে আবেদনে স্বাক্ষর করেন। সাম্প্রতিক মাসগুলোতে এআই নিরাপত্তা নিয়ে কাজ করা বেশ কয়েকজন গবেষকও বড় এআই প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেছেন। তাঁদের বক্তব্য ও পদত্যাগের ঘটনায় এআইয়ের দ্রুত সক্ষমতা বৃদ্ধির সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করার মধ্যে ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সুপারইন্টেলিজেন্ট এআই নিষিদ্ধের প্রস্তাব
এদিকে উন্নত এআই তৈরির কাজ সাময়িকভাবে বন্ধ রাখার দাবিও উঠেছে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের কাছ থেকে। দেশটির সিনেটর বার্নি স্যান্ডার্স ও প্রতিনিধি গ্রেগ কাসার জানিয়েছেন, তাঁরা ‘ব্যান আর্টিফিশিয়াল সুপারইন্টেলিজেন্স অ্যাক্ট’ নামে একটি বিল উত্থাপনের পরিকল্পনা করছেন। প্রস্তাবিত আইনে সুপারইন্টেলিজেন্ট এআই তৈরি ও ব্যবহারের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা 

এআইয়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিধিমালা তৈরি না করা পর্যন্ত উন্নত এআই তৈরির কাজ সাময়িকভাবে বন্ধ রাখার প্রস্তাবও রয়েছে। ফলে প্রযুক্তির সক্ষমতা বাড়ানোর প্রতিযোগিতার পাশাপাশি এআই উন্নয়নের গতি, নিরাপত্তা এবং মানুষের নিয়ন্ত্রণ—এই তিনটি বিষয় এখন নীতিনির্ধারক ও প্রযুক্তি খাতের আলোচনার কেন্দ্রে চলে এসেছে। সূত্র: ব্লুমবার্গ, রয়টার্স, সিএনএন

 

image

আপনার মতামত দিন