প্রতি ১০ মিনিটে একটি হিউম্যানয়েড রোবট তৈরি করা হচ্ছে

প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

চীনের লিউঝৌ শহরে হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট তৈরির নতুন কারখানা চালু করেছে রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউবিটেক রোবোটিকস। কারখানাটিতে রোবটের সহায়তায় বিভিন্ন কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে দ্রুত নতুন রোবট তৈরি করা হচ্ছে। ইউবিটেকের দাবি, কারখানাটিতে প্রতি ১০ মিনিটে একটি শিল্পকারখানায় ব্যবহারের উপযোগী হিউম্যানয়েড রোবট তৈরি করা সম্ভব।

বছরে তৈরি হবে ১০ হাজার রোবট
কারখানাটির আয়তন প্রায় ১৪ হাজার বর্গমিটার এবং এর উচ্চতা ১৩ দশমিক ৮ মিটার। বছরে সর্বোচ্চ ১০ হাজার হিউম্যানয়েড রোবট তৈরির সক্ষমতা রয়েছে কারখানাটির। এখানে মূলত শিল্পকারখানায় ব্যবহারের উপযোগী ইউবিটেকের ওয়াকার এস (Walker S) ও ক্রুজার (Cruiser) সিরিজের রোবট তৈরি করা হচ্ছে। উৎপাদনের পর প্রতিটি রোবটকে আলাদা সিরিয়াল নম্বর দেওয়া হয়। এর ফলে উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত নির্দিষ্ট রোবটটির উৎপাদন ও কার্যক্রমসংক্রান্ত তথ্য সহজেই শনাক্ত ও অনুসরণ করা যায়।


ইউবিটেকের তথ্যমতে, কারখানাটিতে ক্রুজার ওয়াই১ (Cruiser Y1) ও ক্রুজার এস২ (Cruiser S2) মডেলের রোবট দিয়ে বিভিন্ন উপকরণ নামানো, সাজিয়ে রাখা, উৎপাদনস্থলে পৌঁছে দেওয়া এবং এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার কাজ করা হচ্ছে। অর্থাৎ, নতুন রোবট তৈরির প্রয়োজনীয় উপকরণও রোবটেরাই উৎপাদন লাইনে পৌঁছে দিচ্ছে। পাশাপাশি নতুন রোবট সংযোজনের কাজে বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবহার করা হচ্ছে। এতে উৎপাদনপ্রক্রিয়ায় মানুষের সরাসরি তদারকির প্রয়োজন কমে আসছে।

চার ঘণ্টার বেশি সময় ধরে মান যাচাই
কারখানায় একটি হিউম্যানয়েড রোবট তৈরি হলেই সেটি সরবরাহ করা হয় না। উৎপাদন শেষে প্রতিটি রোবটের কার্যকারিতা ও মান যাচাই করতে চার ঘণ্টার বেশি সময় ধরে বিভিন্ন পরীক্ষা চালানো হয়। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর রোবটগুলো স্বয়ংক্রিয়ভাবে গুদামে সংরক্ষণ করা হয়। এমনকি রোবট উৎপাদনের পর প্রয়োজনীয় উপকরণ ও অন্যান্য সামগ্রী সরিয়ে নেওয়ার কাজও চালকবিহীন ফর্কলিফটসহ বিভিন্ন স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে।

চীনে বাড়ছে রোবট উৎপাদন
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (NBS) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুলাইয়ে দেশটিতে ৯৮ হাজার ৬৭৭টি শিল্প রোবট তৈরি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩০ দশমিক ২ শতাংশ বেশি। চলতি বছরের প্রথম সাত মাসে দেশটিতে শিল্প খাতের উপযোগী রোবট উৎপাদিত হয়েছে ৬ লাখ ৩৫ হাজার ৫৬টি। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ২৮ দশমিক ৫ শতাংশ বেশি। ফলে চীনে শিল্প রোবটের উৎপাদন ও ব্যবহার-দুই ক্ষেত্রেই স্বয়ংক্রিয় প্রযুক্তির বিস্তার দ্রুত বাড়ছে। সূত্র: টেক রাডার, এনডিটিভি

image

আপনার মতামত দিন