বিদায়ী চিঠিতে যা লিখলেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক 

প্রকাশ: মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৫ বছর দায়িত্ব পালনের পর অ্যাপলের প্রধান নির্বাহী (সিইও) পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ালেন টিম কুক। সিইও হিসেবে নিজের শেষ কর্মদিবসে কর্মীদের উদ্দেশ্যে পাঠানো এক আবেগঘন বিদায়ী চিঠিতে এ দীর্ঘ সময়কে ‘জীবনের সেরা সৌভাগ্য’ বলে বর্ণনা করেছেন তিনি। তবে সিইও পদ ছাড়লেও অ্যাপলের সঙ্গে থাকছেন কুক। তিনি কোম্পানিটির নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

 
স্টিভ জবসের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর সফলভাবে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিয়েছেন ৬৫ বছর বয়সী টিম কুক। তার নেতৃত্বে অ্যাপল ট্রিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয়। কুকের ১৫ বছরের মেয়াদে অ্যাপল ওয়াচ, এয়ারপডস ও অ্যাপল ভিশন প্রোর মতো একাধিক গুরুত্বপূর্ণ পণ্য বাজারে এসেছে, যা কোম্পানির পণ্যভান্ডারকে আরও বিস্তৃত করেছে।

বিদায়ী চিঠিতে আবেগ ও কৃতজ্ঞতা
কর্মীদের উদ্দেশে বিদায়ী চিঠিতে টিম কুক লিখেছেন, “এমন মুহূর্ত যে একদিন আসবে তা আমি সব সময়ই জানতাম। তবুও দিনটি শেষ পর্যন্ত এল এবং আমি এ কথাগুলো লিখছি তা এখন বিশ্বাস করাও আমার জন্য কঠিন।” তিনি আরও বলেন, অ্যাপল ও এর পুরো দলকে তিনি গভীরভাবে ভালোবাসেন। কর্মীদের নিষ্ঠা, ভালোবাসা এবং নেতা হিসেবে কাজ করার বিরল সুযোগের জন্য তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন কুক।

 
১ সেপ্টেম্বর থেকে অ্যাপলের নতুন প্রধান নির্বাহী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন জন টার্নাস। এর আগে তিনি কোম্পানিটির হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান এবং জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন সিইও হিসেবে টার্নাসের প্রথম বড় পরীক্ষা হতে যাচ্ছে আগামী সপ্তাহের অ্যাপল ইভেন্ট, যেখানে আইফোন ১৮ প্রো, নতুন অ্যাপল ওয়াচ এবং কোম্পানিটির প্রথম ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচনের প্রত্যাশা করা হচ্ছে।

টার্নাসের দক্ষতায় আস্থাশীল কুক
বিদায়ী চিঠিতে নতুন সিইওর হার্ডওয়্যার খাতের দীর্ঘ অভিজ্ঞতার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন টিম কুক। তিনি লিখেছেন, জন টার্নাস যেভাবে বিশ্বকে বদলে দেওয়া প্রযুক্তিপণ্য তৈরির বিষয়গুলো বোঝেন, সে ধরনের দক্ষতা খুব কম মানুষেরই রয়েছে। তার নেতৃত্বে অ্যাপল আরও এগিয়ে যাবে বলেও আশাবাদ প্রকাশ করেছেন কুক।

২৫ বছরের অ্যাপল-যাত্রার পর সিইও
নতুন দায়িত্ব পাওয়ার পর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন জন টার্নাস। প্রায় ২৫ বছর আগে অ্যাপলের প্রোডাক্ট ডিজাইন টিমের সদস্য হিসেবে প্রতিষ্ঠানটিতে যোগ দিয়েছিলেন তিনি। টার্নাস জানান, তার পুরো কর্মজীবন বলতে গেলে অ্যাপলেই কেটেছে। স্টিভ জবসের অধীনে কাজ করা এবং টিম কুককে গুরু হিসেবে পাওয়াকে নিজের সৌভাগ্য হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কোম্পানির দীর্ঘদিনের মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি ধরে রেখেই অ্যাপলকে সামনে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন। সূত্র: রয়টার্স ও এপি

image

আপনার মতামত দিন