হাইপারওএস ৪ উন্মুক্ত, ১৯ ফোনে বন্ধ হচ্ছে আপডেট

প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

নতুন অপারেটিং সিস্টেমের আপডেট উন্মুক্ত করতে শুরু করেছে শাওমি। সফটওয়্যার সাপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কোম্পানিটির অন্তত ১৯টি পুরোনো মডেলের ফোনে নতুন আপডেট ও ভবিষ্যতের কোনো সিকিউরিটি প্যাচ পৌঁছাবে না।

 অ্যাপলের ‘লিকুইড গ্লাস’-এর মতো নতুন ডিজাইন
চীনে ‘শাওমি ১৭’ ব্যবহারকারীরা এখন নতুন ‘হাইপারওএস ৪’ আপডেট পাচ্ছেন, যা শাওমির সফটওয়্যার ইন্টারফেসে এক ধরনের স্বচ্ছ বা ‘সি-থ্রু’ লুক নিয়ে এসেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদমাধ্যম এনগ্যাজেট। এটিকে অ্যাপলের ‘লিকুইড গ্লাস’-এর সঙ্গে তুলনা করা হচ্ছে। ২০২৬ সালের ১৫ অক্টোবর থেকে কোম্পানিটির সর্বশেষ ফোন ও ট্যাবলেটগুলোতে এই আপডেট দেওয়া শুরু হয়েছে।

 
তবে ‘শাওমি ১২টি’ ও ‘রেডমি নোট ১২’ ব্যবহারকারীরা এই আপডেট থেকে বঞ্চিত হচ্ছেন। এসব মডেলের সফটওয়্যার সাপোর্ট এরই মধ্যে শেষ হয়ে গেছে বা শেষ হওয়ার পথে থাকায় এগুলোতে আর নতুন আপডেট আসবে না। শাওমির অফিশিয়াল চালুর তালিকা অনুসারে, প্রথম ধাপের ‘হাইপারওএস ৪’ আপডেটের আওতায় রয়েছে ‘শাওমি ১৭’ সিরিজ, ‘রেডমি কে১০০’ ও ‘কে৯০’ সিরিজ এবং ‘শাওমি প্যাড ৮’।

 ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত চলবে আপডেট
২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে আরও বিভিন্ন মডেলে এই আপডেট পৌঁছাবে। তবে এ বছর যেসব ফোনের সফটওয়্যার সাপোর্ট শেষ হচ্ছে, যার মধ্যে ‘শাওমি ১২’ ও ‘১২টি’ রয়েছে, সেগুলো এই তালিকায় নেই। সফটওয়্যার আপডেট ট্র্যাকাররা আরও কিছু সাশ্রয়ী মডেল শনাক্ত করেছে, যেগুলোর সাপোর্টের মেয়াদ এখনো বাকি থাকলেও সেগুলোতে হাইপারওএস ৪-এর কোনো পরীক্ষা চালানো হয়নি। এসব ফোন আপডেট থেকে বাদ পড়বে কি না, সে বিষয়ে শাওমি এখনো কিছু জানায়নি। আপাতত আপডেট কার্যক্রম কেবল চীনের বাজারেই সীমিত রয়েছে।

  
চীনে শাওমির সফটওয়্যার আপডেটের তালিকায় মোট ৫৭টি ফোন ও ১৫টি ট্যাবলেটের নাম রয়েছে। ২০২৬ সালের অক্টোবরের মাঝামাঝি প্রথম ব্যাচের পর ৩১ অক্টোবরের মধ্যে ‘শাওমি ১৭ ম্যাক্স’, ‘১৭টি’ ও ‘১৭টি প্রো’, ‘রেডমি কে৯০ ম্যাক্স’ এবং ‘রেডমি টার্বো ৫’ সিরিজে আপডেট আসার কথা ছিল। এরপর ১৫ নভেম্বরের মধ্যে ‘শাওমি ১৫’ সিরিজ, ‘মিক্স ফ্লিপ ২’, ‘সিভি ৫ প্রো’ ও ‘রেডমি কে৮০’ সিরিজে এবং ৩০ নভেম্বরের মধ্যে ‘রেডমি নোট ১৭’ ও ‘নোট ১৫’ লাইনআপে আপডেট পৌঁছানোর কথা রয়েছে।

 ডিসেম্বরেই বড় পরিসরে আপডেট, বিশ্ববাজারে অনিশ্চয়তা
ডিসেম্বরের ব্যাচটি হতে যাচ্ছে সবচেয়ে বড়। এ সময় ‘শাওমি ১৪’ ও ‘১৩’ সিরিজ, ‘মিক্স ফোল্ড ৩’ ও ‘মিক্স ফোল্ড ৪’, ‘রেডমি কে৭০’ সিরিজ এবং ‘রেডমি নোট ১৪ প্রো’ ও ‘১৪ ফাইভজি’ মডেলে আপডেট আসবে। এ ছাড়া ২০২৭ সালের জানুয়ারি মাসে টিভি ও পরিধানযোগ্য ডিভাইসের আপডেট দেওয়ার পরিকল্পনা রয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বরে ‘শাওমি ১৭’, ‘শাওমি ১৭ আলট্রা’ ও লাইকা লাইটজফোনের জন্য গ্লোবাল বিটা সংস্করণ উন্মুক্ত হয়েছিল। পরে ‘১৭টি’, ‘১৭টি প্রো’, ‘১৫’ ও ‘১৫ আলট্রা’ মডেলেও তা আসে। তবে বিশ্ববাজারে চূড়ান্ত সংস্করণ চালুর নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করেনি শাওমি। প্রযুক্তি সাইট বিবমের ১১ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, ভারতসহ অন্যান্য বাজারের জন্যও কোনো সময়সীমা নিশ্চিত করা হয়নি। চীনে বিক্রি না হওয়ায় ‘পোকো’ ফোনগুলোর নাম এই তালিকায় নেই।

 
নিজেদের সিকিউরিটি সেন্টার ওয়েবসাইটে বিভিন্ন ডিভাইসের সফটওয়্যার সাপোর্ট শেষ হওয়ার তারিখ প্রকাশ করেছে শাওমি। প্রযুক্তি সাইট গিজমোচায়নার হিসাব অনুসারে, ২০২৬ সালে মোট ১৯টি ডিভাইস এই সাপোর্ট তালিকা থেকে বাদ পড়ছে। এর মধ্যে গত মার্চে ‘শাওমি ১২’ ও ‘শাওমি ১২ প্রো’, ‘রেডমি নোট ১২ ফাইভজি’, ‘রেডমি ১২সি’ এবং ‘রেডমি এ২’ ও ‘রেডমি এ২ প্লাস’-এর সাপোর্ট শেষ হয়েছে। মে মাসে বাদ পড়েছে ‘পোকো এফ৫’ ও ‘পোকো এফ৫ প্রো’। অক্টোবরে ‘শাওমি ১২টি’ ও ‘১২টি প্রো’-এর মেয়াদ শেষ হয়েছে এবং নভেম্বরে বাদ পড়ছে ‘রেডমি ১৩সি’ ও ‘পোকো সি৬৫’।

 সাপোর্ট শেষ হলে মিলবে না নিরাপত্তা প্যাচও
কোনো মডেল একবার সাপোর্ট তালিকায় চলে গেলে সেটি আর অপারেটিং সিস্টেম আপগ্রেড বা সিকিউরিটি প্যাচ পায় না। তবে সাম্প্রতিক সময়ে শাওমি তাদের সফটওয়্যার সাপোর্টের মেয়াদ বাড়িয়েছে। যেমন ‘শাওমি ১৫’-এর জন্য চারটি ওএস আপডেট ও ছয় বছরের সিকিউরিটি প্যাচ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানিটি। তবে তা স্যামসাং ও গুগলের ফ্ল্যাগশিপ ফোনের সাত বছরের সাপোর্টের তুলনায় কিছুটা কম। শাওমির সফটওয়্যার ট্র্যাকার জিমটাইম জানিয়েছে, অ্যান্ড্রয়েড ১৬-তে সীমাবদ্ধ থাকা কয়েকটি ফোনের জন্য হাইপারওএস ৪-এর কোনো টেস্ট বিল্ডের লক্ষণ দেখা যায়নি।

 
জিমটাইমের তালিকায় এমন ছয়টি মডেলের নাম রয়েছে, যেগুলোতে হাইপারওএস ৪-এর পরীক্ষা এখনো শুরু হয়নি। মডেলগুলো হলো ‘রেডমি নোট ১৩ প্রো’ ফোরজি, ‘রেডমি নোট ১৪এস’, ‘রেডমি এ৫ ফোরজি’, ‘পোকো সি৭১’, ‘পোকো এম৬ প্রো’ ফোরজি এবং ‘পোকো এক্স৬ ফাইভজি’। শাওমি এখনো নিশ্চিত করেনি, এসব ফোন আপডেট থেকে বাদ পড়বে কি না। এগুলোর কয়েকটির জন্য এখনো কয়েক বছরের সিকিউরিটি আপডেট বাকি রয়েছে। বাদ পড়লে ফোনগুলো ‘হাইপারওএস ৩’-তেই সীমাবদ্ধ থাকবে। এদিকে ডিসেম্বরের আপডেট তালিকায় ‘শাওমি ১৩’ সিরিজের নাম থাকলেও ২০২৩ সালে এ সিরিজের জন্য তিনটি প্রধান অ্যান্ড্রয়েড আপডেটের প্রতিশ্রুতি দিয়েছিল কোম্পানিটি, যা অ্যান্ড্রয়েড ১৬-তেই শেষ হওয়ার কথা। ফলে সিরিজটি অ্যান্ড্রয়েড ১৭ পাবে, নাকি অ্যান্ড্রয়েড ১৬-ভিত্তিক হাইপারওএস ৪-এর কোনো সংস্করণ পাবে, তা এখনো স্পষ্ট নয়।

 স্বচ্ছ ডিজাইন ও উন্নত এআই সুবিধা হাইপারওএস ৪-এ
হাইপারওএস ৪-এ নতুন ডিজাইনকে শাওমি বলছে ‘সফট লাইট গ্লাস’। এটি অর্ধস্বচ্ছ এক ধরনের উপাদান, যার স্বচ্ছতা পেছনে থাকা রং ও কনটেন্টের ওপর ভিত্তি করে পরিবর্তিত হয়। লক স্ক্রিনের ঘড়ি এখন আইওএস ২৬ চালিত আইফোনের মতো ছোট-বড় করা, সরানো ও নতুন করে সাজানো যাবে। শাওমির দাবি, এ ডিজাইনের পূর্ণাঙ্গ ইফেক্ট কেবল স্ন্যাপড্রাগন ৮ এলিট, ডাইমেনসিটি ৯৫০০ অথবা শাওমির নিজস্ব ‘এক্সরিং ও১’ ও পরবর্তী চিপযুক্ত ফোনে কাজ করবে। পুরোনো ফোনগুলোতে এর সাধারণ সংস্করণ পাওয়া যাবে।

শাওমির দাবি, টানা আট ঘণ্টা ব্যবহারের পর ‘হাইপারওএস ৪’ আগের তুলনায় ২৭ দশমিক ২ শতাংশ বেশি মেমোরি খালি রাখে এবং দীর্ঘ সময় ব্যবহারের পরও অ্যাপগুলো ১৭ দশমিক ৫ শতাংশ দ্রুত খোলে। এদিকে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘সুপার জিয়াওএআই ২.০’ এখন শাওমির নিজস্ব ‘মিমো’ এআই মডেলে চলছে। এতে যুক্ত হয়েছে ‘এক্সপার্ট মোড’, যা বিভিন্ন অ্যাপের মধ্যে একাধিক ধাপের কাজ সম্পন্ন করতে পারে। তবে এআই সুবিধাগুলোর বেশির ভাগই আপাতত চীনের বাজারে সীমিত। হাইপারওএস ৪ অ্যান্ড্রয়েড ১৭-এর ওপর ভিত্তি করে তৈরি। এর আগে ২০২৬ সালের জুলাইয়ে শাওমির সর্বশেষ ফোনগুলো ‘হাইপারওএস ৩.৩’ নামের একটি অন্তর্বর্তী আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ১৭ পেয়েছিল। সূত্র: টেকক্রাঞ্চ

image

আপনার মতামত দিন