একথা অনস্বীকার্য যে, প্রতিযোগিতামূলক ব্যবসায়িক জগতে টিকে থাকা ও সফল হওয়ার জন্য ‘সেলস’, ‘মার্কেটিং’ এবং ‘ব্র্যান্ডিং’-এই তিনটি শব্দের সঙ্গে প্রায় প্রতিটি ব্যবসায়ী ও পেশাজীবী পরিচিত। অনেকেই বিষয় তিনটিকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ মনে করেন। কিন্তু বাস্তবে সেলস, মার্কেটিং ও ব্র্যান্ডিংয়ের ভূমিকা, উদ্দেশ্য এবং কাজের ধরন একে অপরের থেকে বেশ আলাদা। তবে ব্যবসার দীর্ঘমেয়াদি সাফল্য নিশ্চিত করতে এই তিনটি কার্যক্রম পরস্পরের পরিপূরক।
প্রথমেই জেনে নেওয়া যাক সেলস, মার্কেটিং ও ব্র্যান্ডিং বলতে আমরা আসলে কী বুঝি।
সেলস বা বিক্রয় ও রাজস্ব
সেলস বা বিক্রয় হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে সম্ভাব্য গ্রাহকের সঙ্গে সরাসরি যোগাযোগ করে কোনো পণ্য বা সেবা বিক্রির মাধ্যমে লেনদেন সম্পন্ন করা হয়। এর মূল উদ্দেশ্য হলো সম্ভাব্য ক্রেতা বা লিডকে প্রকৃত ক্রেতায় (কাস্টমার) রূপান্তর করা এবং বিক্রয় বা চুক্তি সম্পন্ন করা। সহজ ভাষায় সেলসের বার্তা হলো-“পণ্য বা সেবাটি এখনই কিনুন।”
>> আরও পড়ুন: বাংলাদেশের আবাসন খাত: সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা
সেলস একটি ব্যবসার সরাসরি রাজস্ব আয়ের প্রধান মাধ্যম। এটি গ্রাহকের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করে, আলোচনার সুযোগ সৃষ্টি করে এবং শেষ পর্যন্ত বিক্রয় সম্পন্ন করে। ফলে ব্যবসার দৈনন্দিন পরিচালন ব্যয় মেটানো ও ক্যাশ ফ্লো সচল রাখার ক্ষেত্রে সেলসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মার্কেটিং বা বিপণন: সচেতনতা ও আগ্রহ তৈরি
মার্কেটিং বা বিপণন হলো এমন সব কৌশল ও কার্যক্রমের সমষ্টি, যার মাধ্যমে একটি পণ্য বা সেবার প্রয়োজনীয়তা ও সম্ভাব্য সমাধান সম্পর্কে বাজারকে জানানো হয়। সঠিক গ্রাহককে চিহ্নিত করা, তাদের নজর কাড়া এবং পণ্য বা সেবার প্রতি আগ্রহ তৈরি করাই মার্কেটিংয়ের অন্যতম প্রধান কাজ।
বাজার গবেষণা, বিজ্ঞাপন, কনটেন্ট তৈরি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, ক্যাম্পেইনসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মার্কেটিং একটি প্রতিষ্ঠানকে মানুষের কাছে পরিচিত করে তোলে এবং সম্ভাব্য গ্রাহকের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করে।
সহজভাবে বলা যায়, মার্কেটিংয়ের বার্তা হলো-“আপনার যে সমস্যা বা প্রয়োজন, তার একটি কার্যকর সমাধান আমাদের কাছে আছে।” অর্থাৎ, মার্কেটিং সম্ভাব্য গ্রাহককে আকৃষ্ট করে এবং সেলস টিমের জন্য সম্ভাব্য ক্রেতার কাছে পৌঁছানোর পথ তৈরি করে।
ব্র্যান্ডিং: পরিচিতি, আস্থা ও অনুভূতি
ব্র্যান্ডিং হলো কোনো ব্যবসা, প্রতিষ্ঠান, পণ্য, সেবা কিংবা ব্যক্তির স্বতন্ত্র পরিচয়, মূল্যবোধ ও ব্যক্তিত্ব গড়ে তোলার প্রক্রিয়া। এর মাধ্যমে গ্রাহকের মনে একটি নির্দিষ্ট ভাবমূর্তি, পরিচিতি ও বিশ্বাসের জায়গা তৈরি হয়।
গ্রাহকের সঙ্গে মানসিক ও আবেগীয় সম্পর্ক গড়ে তোলা, আস্থা অর্জন এবং প্রতিযোগীদের থেকে নিজেকে আলাদা করে উপস্থাপন করাই ব্র্যান্ডিংয়ের মূল উদ্দেশ্য।
সহজভাবে বলা যায়, ব্র্যান্ডিংয়ের প্রশ্ন হলো-“আমরা কে, আমাদের ওপর কেন আপনি ভরসা করবেন এবং আমাদের কথা কেন আপনার মনে থাকবে?”
ভালো ব্র্যান্ডিং গ্রাহকের মনে একটি প্রতিষ্ঠানের স্থায়ী অবস্থান তৈরি করে। ফলে একজন গ্রাহক শুধু একবার পণ্য বা সেবা কেনার পর চলে যান না; বরং ভবিষ্যতেও একই প্রতিষ্ঠানের কাছে ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়।
ব্যবসায় তিনটি কীভাবে একসঙ্গে কাজ করে?
একটি ব্যবসা শুরু করা থেকে শুরু করে সেটিকে দীর্ঘমেয়াদে সফল ও টেকসই প্রতিষ্ঠানে পরিণত করতে সেলস, মার্কেটিং ও ব্র্যান্ডিং একে অপরের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে।
১. সেলস: ব্যবসার রক্তসঞ্চালন ও তাৎক্ষণিক রাজস্ব
সেলস ব্যবসায় সরাসরি অর্থ নিয়ে আসে। সম্ভাব্য গ্রাহকের সঙ্গে যোগাযোগ, আলোচনা, দর-কষাকষি এবং শেষ পর্যন্ত চুক্তি বা বিক্রয় সম্পন্ন করা সেলসের মূল কাজ।
একজন সম্ভাব্য ক্রেতাকে প্রকৃত ক্রেতায় রূপান্তর করাই সেলসের সাফল্য। ব্যবসার প্রাথমিক পর্যায়ে দ্রুত রাজস্ব নিশ্চিত করা এবং ক্যাশ ফ্লো সচল রাখার জন্য তাই সেলস অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২. মার্কেটিং: বাজার তৈরি ও সম্ভাব্য গ্রাহক আকর্ষণ
মার্কেটিংয়ের কাজ হলো সম্ভাব্য গ্রাহকদের জানানো যে, তাদের প্রয়োজন বা সমস্যার একটি সমাধান আপনার প্রতিষ্ঠানের কাছে রয়েছে। এর জন্য বাজার বিশ্লেষণ, টার্গেট অডিয়েন্স নির্ধারণ, বিজ্ঞাপন, সামাজিক যোগাযোগমাধ্যম, কনটেন্ট মার্কেটিং ও বিভিন্ন প্রচারণার মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো হয়।
মার্কেটিং মূলত সম্ভাব্য গ্রাহকের মধ্যে সচেতনতা ও আগ্রহ তৈরি করে এবং সেলস টিমের জন্য সম্ভাব্য ক্রেতার একটি ভিত্তি তৈরি করে দেয়।
৩. ব্র্যান্ডিং: আস্থা ও দীর্ঘমেয়াদি সম্পর্ক
একজন গ্রাহক আপনার পণ্য বা সেবা সম্পর্কে জানলেন এবং তা কিনলেন-কিন্তু তিনি কি আবার আপনার কাছে ফিরে আসবেন? এখানেই ব্র্যান্ডিংয়ের গুরুত্ব।
একটি প্রতিষ্ঠানের নাম, পরিচয়, মূল্যবোধ, সেবার মান, যোগাযোগের ধরন এবং গ্রাহকের অভিজ্ঞতা-সবকিছু মিলেই একটি ব্র্যান্ডের ভাবমূর্তি তৈরি হয়।
ভালো ব্র্যান্ডিং গ্রাহকের মধ্যে আস্থা ও আনুগত্য তৈরি করে। ফলে প্রতিবার নতুন গ্রাহক অর্জনের জন্য অতিরিক্ত সময় ও অর্থ ব্যয়ের প্রয়োজন কমে আসে এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি বাজার অবস্থান শক্তিশালী হয়।
কেন একটি বাদ দিয়ে অন্যটির ওপর নির্ভর করা ঠিক নয়?
অনেকে মনে করেন, শুধু সেলস বাড়াতে পারলেই ব্যবসা সফল হবে। আবার কেউ কেউ মার্কেটিংয়ের ওপর বেশি গুরুত্ব দেন। কিন্তু সেলস, মার্কেটিং ও ব্র্যান্ডিংয়ের যেকোনো একটি উপাদানকে সম্পূর্ণ উপেক্ষা করলে দীর্ঘমেয়াদে ব্যবসার প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে।
মার্কেটিং ছাড়া সেলস
সেলস টিম সরাসরি ফোন, মেসেজ বা সাক্ষাতের মাধ্যমে সম্ভাব্য গ্রাহকের কাছে পৌঁছাতে পারে। কিন্তু প্রতিষ্ঠান বা পণ্য সম্পর্কে আগে থেকে কোনো পরিচিতি না থাকলে গ্রাহকের আস্থা অর্জন এবং বিক্রয় সম্পন্ন করা তুলনামূলক কঠিন হতে পারে।
সেলস ছাড়া মার্কেটিং
বিজ্ঞাপন ও প্রচারণার মাধ্যমে বিপুলসংখ্যক মানুষের কাছে পৌঁছানো সম্ভব। কিন্তু সেই আগ্রহকে প্রকৃত ক্রেতায় রূপান্তরের জন্য কার্যকর সেলস প্রক্রিয়া না থাকলে মার্কেটিংয়ের মাধ্যমে তৈরি হওয়া সম্ভাবনাকে রাজস্বে রূপ দেওয়া কঠিন।
ব্র্যান্ডিং ছাড়া সেলস ও মার্কেটিং
মার্কেটিং গ্রাহককে আকৃষ্ট করবে এবং সেলস তাকে ক্রেতায় পরিণত করবে। কিন্তু শক্তিশালী ব্র্যান্ডিং না থাকলে গ্রাহকের দীর্ঘমেয়াদি আস্থা ও আনুগত্য তৈরি করা কঠিন হতে পারে। ফলে প্রতিষ্ঠানকে বারবার নতুন গ্রাহক অর্জনে বেশি সময় ও অর্থ ব্যয় করতে হতে পারে।
সাফল্যের সূত্র: সমন্বিত কৌশল
একটি টেকসই ব্যবসার জন্য বলা যায়- সেলস + মার্কেটিং + ব্র্যান্ডিং = দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধি। ব্যবসার শুরুতেই তিনটি ক্ষেত্রে সমান মাত্রায় বিনিয়োগ করা সব প্রতিষ্ঠানের জন্য সম্ভব নাও হতে পারে। তাই ব্যবসার পর্যায় অনুযায়ী অগ্রাধিকার নির্ধারণ করা প্রয়োজন।
প্রাথমিকভাবে বা আর্লি স্টেজে দ্রুত রাজস্ব আনা এবং ব্যবসাকে সচল রাখার জন্য সেলস ও মার্কেটিংয়ে বেশি গুরুত্ব দেওয়া যেতে পারে। ব্যবসা যখন কিছুটা স্থিতিশীল ও প্রবৃদ্ধির পর্যায়ে পৌঁছাবে, তখন নিয়মিত ব্র্যান্ডিংয়ে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। এতে গ্রাহকের সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থার সম্পর্ক তৈরি হয় এবং সময়ের সঙ্গে নতুন গ্রাহক অর্জনের ব্যয় বা কাস্টমার অ্যাকুইজিশন কস্ট (সিএসি) কমানোর সুযোগ তৈরি হতে পারে।
সবশেষে বলা যায়, মার্কেটিং গ্রাহককে আকৃষ্ট করে, সেলস তাকে ক্রেতায় রূপান্তর করে এবং ব্র্যান্ডিং সেই গ্রাহকের মনে আস্থা ও দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি করে। একটি দ্রুত বর্ধনশীল ব্যবসাকে টেকসই ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে এই তিন শক্তির সমন্বিত প্রয়োগের বিকল্প নেই।
লেখা: এম কে আনোয়ার হাসান, সিইও, জেমস কনস্ট্রাকশন লিমিটেড